ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।এক শোকবার্তায় তিনি বলেছেন,
“জনকল্যাণ ও সেবামূলক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। জনবান্ধব এই মেয়রের মৃত্যুতে দেশ ও জাতি একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধিকে হারাল।”
আড়াই বছর আগে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন আনিসুল হক। মস্তিস্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’য়ে আক্রান্ত হয়ে কয়েক মাস লন্ডনের একটি হাসপাতালে আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার মৃত্যু ঘটে আনিসুল হকের।
সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের ভাই আনিসুল হকের বয়স হয়েছিল ৬৫ বছর।
টিভি উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর তৈরি পোশাক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়া আনিসুল হক এফবিসিসিআইর সভাপতি ছিলেন। তার আগে বিজিএমইএর সভাপতিও হন তিনি।
প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত আনিসুল হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।





