কথিত ইসলামিক স্টেট-আইএসের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শহর তাল আফার পুনরুদ্ধার করতে অভিযানে নেমেছে ইরাকের স্থলবাহিনী।

এক টেলিভিশন ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি অভিযানের ঘোষণা দিয়ে বলেন, ‘জিহাদিদের সামনে দুটো পথ- হয় আত্মসমর্পণ করতে হবে নতুবা মরতে হবে।’

জুলাইয়ে মসুল উদ্ধার করার পর ইরাকি সেনারা তাল আফারকে লক্ষ্য করেছিল। ২০১৪ সালে আইএসের দখলে চলে গিয়েছিল শিয়া মুসলিম অধ্যুষিত তাল আফার শহরটি।
মসুল ও সিরিয়ার সীমান্তের মাঝামাঝি অবস্থিত এই জায়গাটি আগে আইএসের রসদ সরবরাহকারী রুট হিসেবে ব্যবহৃত হতো।
গত কয়েকদিনে ইরাকি যুদ্ধবিমান আইএসের বিভিন্ন অবস্থানে বোমা হামলা চালিয়ে স্থল অভিযানের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিয়েছে।
রোববার দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি কালো সামরিক পোশাক পরে ইরাকি পতাকা ও দেশটির মানচিত্রের সামনে দাঁড়িয়ে তাল আফার মুক্ত করার অভিযান শুরুর ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমি দায়েশকে (আইএস) বলে দিতে চাই- আত্মসমর্পণ বা মৃত্যু ছাড়া অন্য কোনো বিকল্প নাই।’