মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ব‌লে‌ছেন, সকল শিক্ষার্থীকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগ।

এ যুগে শিক্ষার্থীদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আইটির উপর দক্ষতা অর্জন করা। ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা প্রদান করতে হবে। এজন্য শিক্ষকদের শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করাতে হবে।

শুক্রবার (১৮ অাগস্ট) সকালে খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুলতলার চারটি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কালে তি‌নি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। দেশের মানুষ যেমন এটা স্বীকার করছে, তেমনি বিশ্ব সম্প্রদায়ও এর স্বীকৃতি দিচ্ছে। মেয়েরা এখন শিক্ষায় ভাল করছে। শিক্ষা ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। শিক্ষা, গবেষণা, কৃষি ও সেবাখাতসহ সর্বক্ষেত্রেই সরকার তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করছে। ইতোমধ্যে তথ্যপ্রযুক্তির সুফল জনগণ পেতে শুরু করেছে। বাংলাদেশে এখন বিশ্বমানের তথ্যপ্রযুক্তিবিদ তৈরি হচ্ছে এবং তারা সুনামের সাথে দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান আরো উন্নত করতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং তথ্য প্রযুক্তি সেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নানামূখী উদ্যোগ গ্রহণ করছে।
এসময় ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পি এবং যুগ্ন সাধারণ সম্পাদক মৃণাল হাজরা উপ‌স্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, শুকলা স্বরণিকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রাড়িপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন। বিকেলে তিনি মাগুরখালী ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।