বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে জেল থেকে বের হতে পারবেন না বলে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক সংসদ সদস্য ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী।বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে তিনি এ ভবিষ্যদ্বাণী করেন।
জয়নাল হাজারী বলেন, “আপনারা আজকে নকল নিবেন, কালকে এটা করবেন, এগুলো চলতেই থাকবে। কিন্তু আমি একটা ভবিষ্যৎ বাণী করে দিচ্ছি, নির্বাচনের আগে খালেদা জিয়া জেল থেকে বের হতে পারবেন না। নির্বচনের পরে বের হবে কিন্তু শর্ত সাপেক্ষে। কারণ শেখ হাসিনা অতটা বোকা না, যে তাকে জেলে দিয়ে হিরো বানিয়ে দেশে ছেড়ে দিবেন। এটা হতে পারে না। যেহেতু ঝুঁকি নিয়ে ঘটনা ঘটিয়ে ফেলেছেন। এখন আমার মনে হয় না তিনি খালেদা জিয়াকে ছেড়ে দিবেন। এখন খালেদাকে ছেড়ে দিলেই তিনি হিরো হয়ে যাবেন। ওই বোকামি শেখ হাসিনার করার কথা না।
তিনি আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ্, এটা সত্য। তাকে ডিভিশন দেয়া উচিত ছিল।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।





